নুসরত জাহানকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন নিখিল!
দি নিউজ লায়ন ; ভাঙনের মুখে টলিউডের অভিনেত্রী তথা সাংসদ নুসরতের সংসার। অবশেষে নুসরতের স্বামী নিখিল জৈন ডিভোর্সের নোটিস পাঠালেন স্ত্রী নুসরত জাহানের কাছে। তবে নিখিল এই বিষয়ে বিস্তারিত মুখ খুলতে চাননি। তিনি বলেছেন,যা বলার পরেই বলবেন। যার ফলে বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় ভেঙে যেতে চলেছে তাঁদের সংসার।
নুসরত এবং নিখিলের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা ঘুরপাক খাচ্ছিলো টলিউডে। জানা যায়, বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামী নিখিলের সম্পর্ক আগের মতো স্বাভাবিক ছিলো না। এদিকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একে অন্যের প্রোফাইল আনফলো করে দেন তাঁরা। উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই তাঁদের একসঙ্গে কোনও অনুষ্ঠানেও যেতে দেখা যায়নি। তাঁদের একসঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই নেই।
যদিও অনেকে মনে করছেন, সাম্প্রতিককালে টলি অভিনেতা যশের সঙ্গে নুসরতের সম্পর্কে জড়িয়ে পড়া এবং একসঙ্গে তাদের রাজস্থানের আজমেরে ছুটি কাটাতে যাওয়া এসব থেকেই হয়ত ভেঙে গেল অভিনেত্রীর সংসার। যদিও নুসরতের স্বামী নিখিল জৈন প্রকাশ্যে এখনও পর্যন্ত নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে কোনও কথা বলেননি। এখনও নিখলের ক্রেডিট কার্ড নুসরত ব্যাবহার করেন বলে জানা যায়। তবে নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলেও নিখিলের বোন নুসরত জাহানের সঙ্গে সুসম্পর্ক এখনও বজায় রেখেছেন বলে জানা যাচ্ছে।
তবে এর আগে ভ্যালেন্টাইন ডে-তে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে বলেন, নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। অন্যদিকে, নিখিল ও নুসরতের সম্পর্ক যত খাদের কিনারায় গিয়ে ঠেকেছে ততই যশের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Post a Comment